ধোনি-যুগের অবসান! আইপিএলেও আর দেখা যাবে না ভারতীয় কিংবদন্তিকে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ PM

আইপিএলে দীর্ঘ খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার প্রায় দুই দশকের সম্পর্ক ছিন্ন হচ্ছে না। ২০২৭ আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আগামী আসরের ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) শেষ দিনে ধোনির এই ভূমিকা বদলের ঘোষণা দেয় চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে পর্দা নামল আইপিএলের অন্যতম সফল ও বর্ণাঢ্য এক খেলোয়াড়ি ক্যারিয়ারের।

চেন্নাইয়ের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, হলুদ জার্সিতে মাঠে না নামলেও দলের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকছেন ধোনি। তার মতে, ‘ধোনি সবসময়ই আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটিই সবসময় ওর ঘর।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সমার্থক হয়ে উঠেছিলেন ধোনি। তার নেতৃত্বে পাঁচটি আইপিএল শিরোপার পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জিতেছে দলটি।

ধোনির সঙ্গে দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে শ্রীনিবাসন বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা সাফল্য, ব্যর্থতা ও সব ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে একসঙ্গে হেঁটেছি ও বেড়ে উঠেছি।’

‘আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটিই কারণ- আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের এই যাত্রাকে সম্ভব করেছে। ২০০৮ সালে আমি জোর দিয়েছিলাম যেন ধোনিকে চেন্নাইয়ে নেওয়া হয়… পরে প্রমাণ হয়েছে সেটিই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। শুধু ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ওর অর্জনের জন্য নয়, বরং ও যেমন মানুষ, সেটির জন্যও।’

চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথন মনে করেন, ট্রফির চেয়েও ধোনির বড় অর্জন চেন্নাই শহর ও এর মানুষদের আপন করে নেওয়া। ‘ক্রিকেটার হিসেবে ধোনি যা অর্জন করেছে, তা প্রতিটি ভক্তের স্মৃতিতে গেঁথে থাকবে। তবে ওকে সত্যিকার অর্থে যা বিশেষ করে তুলেছে, তা হলো চেন্নাইয়ের সঙ্গে ওর একাত্ম হয়ে যাওয়া। ও এই শহরকে আপন করে নিয়েছে, আর শহরটিও ওকে নিজেদের একজন হিসেবে বরণ করে নিয়েছে।’

মাঠের ধোনিকে মিস করলেও ডাগআউটে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বিশ্বনাথনের। ‘আমরা যখন পেছনে ফিরে তাকাব, ট্রফিগুলোর কথা যেমন মনে পড়বে, তেমনি মনে পড়বে আমরা কীভাবে সেগুলো জিতেছি। সেটিই ওর আসল উত্তরাধিকার। মাঠে হলুদ জার্সিতে ওকে আমরা মিস করব ঠিকই, তবে ও যে আমাদের ক্রিকেটারদের পথ দেখিয়ে যাবে, এতে আমরা আনন্দিত। এই বন্ধন আগামী বছরগুলোতেও দলকে গড়ে তুলতে সাহায্য করবে।’

আইপিএল ক্যারিয়ারে ২৭৮ ম্যাচ খেলে ২৪২ ইনিংসে ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান করেছেন ধোনি। কোনো সেঞ্চুরি না থাকলে ফিফটি করেছেন ২৪টি। ৩৭৫ চারের সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ২৬৪টি।