গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘গোপালগঞ্জে বহু দেশপ্রেমিক ও নিরীহ নাগরিক আছেন, তাদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে ডা. শফিকুর রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জ জেলায় অনেক অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আজ টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, আক্রমণ, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটতে বাধ্য হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই জেলার ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরও বেশ কয়েকটি জেলা যুক্ত থাকায় কার্যত দেশের একটি বৃহৎ অংশ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমনকি আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও আমাদের কাছে তথ্য রয়েছে। কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় লুটতরাজ চালানো হবে- তার ঘোষণা আগেই দেওয়া হচ্ছে।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সেখানে ডিসি, এসপি ও তিনজন ওসিকে বদলি করা হয়েছে। কিন্তু নির্দোষ মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত এবং রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষায় আর কী দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি নির্বাচিত সরকার ও চলমান পার্লামেন্ট বিদ্যমান থাকা অবস্থায় এভাবে প্রকাশ্যে ধ্বংসযজ্ঞ চলতে পারে না।’
