রাজনৈতিক অস্থিরতা, ষড়যন্ত্র ও বিভাজন মোকাবিলা করে রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে গঠনমূলক সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বাংলাদেশ কল্যাণ পার্টির অস্থায়ী কার্যালয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জোটের নেতারা এ আহ্বান জানান।
১২ দলীয় জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে এবং নয়াগণতান্ত্রিক পার্টির মহাসচিব কাজী ইমরুল কায়েসের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ।
সভাপতির বক্তব্যে মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, ‘মওলানা ভাসানী শুধু একটি নাম নন; তিনি একটি সংগ্রামী, দেশপ্রেমিক ও আপসহীন চেতনার নাম। বিশ্বের যেকোনো প্রান্তের নির্যাতিত মানুষের পক্ষে তিনি সোচ্চার ছিলেন।’
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘দেশ এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় অতিক্রম করছে। রাজনৈতিক অস্থিরতা, ষড়যন্ত্র ও বিভাজন মোকাবিলা করে রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে গঠনমূলক সমর্থন ও সহযোগিতা করতে হবে। জাতীয় স্বার্থে বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করতে হবে। ভাসানীর শোষণমুক্ত, সাম্যভিত্তিক ও আধিপত্যবাদবিরোধী আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা করাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির দায়িত্ব।’
মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের নিপীড়িত, নির্যাতিত ও মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের মানুষের অধিকার ও মুক্তির প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজীবন সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করেছেন।’
আলোচনা সভা শেষে মওলানা ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
