এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নিন্দা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ PM

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত বুধবার গভীর রাতে এবি পার্টির কার্যালয়ের নিচে মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অতর্কিতে অগ্নিসংযোগ করা হয়, এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের দায়ী করেছে বিএনপি।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গরাজ্য ফিরে পাওয়ার আশায় দেশব্যাপী বিরোধী নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চারের লক্ষ্যে হামলা ও খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি শুরু করেছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তাদের সেই অপতৎপরতারই অংশ।

তিনি আরও উল্লেখ করেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। তবে এ ধরনের অগ্নিসংযোগ, হামলা ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভীত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। 

রিজভী বলেন, ‘জনগণ আওয়ামী স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে যেমন বাধ্য করেছে, ঠিক একইভাবে সন্ত্রাসীদের বর্তমান নানান অরাজকতা ও অপতৎপরতা রুখে দেবে। আগুন সন্ত্রাস ও খুন-জখম চালিয়ে ফ্যাসিস্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।’

দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান।