লিভারপুলের বিপক্ষে অভিষেক ম্যাচের আগে দুশ্চিন্তায় ম্যানইউ কোচ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ PM

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ মউরিসিও পচেত্তিনোর। তবে আগামী রোববার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে সেই ম্যাচের আগেই ঘটে গেছে অঘটন। হাইভোল্টেজ এই ম্যাচের আগের অনুশীলন সেশনের ভিডিও ড্রোনের মাধ্যমে ধারণ করে তা নিজস্ব চ্যানেলে প্রকাশ করেছে ‘সিসি ওভারভিউ’ নামের একটি ইউটিউব চ্যানেল।

এই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে পচেত্তিনোর চমকপ্রদ শুরুর একাদশ ফাঁস হয়ে গেছে। যেখানে দলের বাইরে থাকা জশুয়া জিরকজিকে আক্রমণভাগের শীর্ষে এবং ব্রায়ান এমবেউমোকে উইং-ব্যাক ভূমিকায় খেলতে দেখা গেছে।

সিসি ওভারভিউ নামের ইউটিউব অ্যাকাউন্টের ওই অপারেটর গত বৃহস্পতিবার ক্যারিংটনে প্রায় ১২ মিনিটের ফুটেজ ধারণ করেন। সেখানে রোববার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে পচেত্তিনোকে তাঁর নতুন দল নিয়ে কাজ করতে দেখা যায়। অবশ্য ভিডিও ধারণ করার ঘটনায় ক্ষমা চেয়েছেন ওই ড্রোন অপারেটর। ড্রোন ওড়ানো আইনত বৈধ হলেও নিজের কাজটিকে অনৈতিক বলে স্বীকার করেছেন তিনি।

ভিডিওটি মুছে ফেলার পর কলিন নামের ওই ড্রোন অপারেটর এক বিবৃতিতে ক্ষমা চেয়ে বলেন, এ ঘটনা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমার চরম ভুল সিদ্ধান্তের কারণে ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের কিছু অংশ ধারণ করে ফেলি। ড্রোন আইন অনুযায়ী ফ্লাইটটি বৈধ হলেও, আমি পুরোপুরি মেনে নিচ্ছি যে আমার দিক থেকে এটি অনৈতিক ছিল। আমার মূল উদ্দেশ্য ছিল সমর্থকদের জন্য প্রথমবারের মতো ইউনাইটেডের অনুশীলন কিটে মরিসিও পচেত্তিনোর ছবি তুলে ধরা।

এর আগে অবশ্য ওই অপারেটর ফুটেজটির পক্ষে সাফাই গেয়ে দাবি করেছিলেন যে, এটি একটি অবাধ আকাশসীমা যে কেউ এর ওপর দিয়ে ড্রোন ওড়াতে পারে।

চ্যানেলের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, ড্রোনটি সবসময় দৃষ্টির সীমানার মধ্যেই ছিল, এটি কারো মাথার ওপর দিয়ে বা কাছ দিয়ে ওড়েনি। তাই ড্রোন ব্যবহার নিয়ন্ত্রণকারী সংস্থা সিএএ-এর নিয়ম অনুযায়ী এটি সম্পূর্ণ বৈধ ফ্লাইট ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার উদ্দেশ্য ছিল ইউনাইটেড সমর্থকদের প্রথমবারের মতো অনুশীলনে পচেত্তিনোকে দেখার সুযোগ করে দেওয়া। তিনি আরও যোগ করেন যে, তিনি ক্লাবের সীমানায় প্রবেশ করেননি বা এর ওপর দিয়ে ড্রোন ওড়াননি।

এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) নির্দেশিকায় সতর্ক করা হয়েছে যেখানে মানুষ গোপনীয়তা আশা করে এমন স্থানে ড্রোন ব্যবহার করলে তা ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করতে পারে।