সিরাজগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ, আতঙ্কে মার্কেট ব্যবসায়ীরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:২৫ পিএম

সিরাজগঞ্জ শহরের পৌর নিউ জার্মান মার্কেটে আজিমুল ইসলাম আজিম (২৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) সকালে ৭টায় ঘটে যাওয়া এ ঘটনায় মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।

গুরুতর আহত অবস্থায় আজিমুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আহত আজিমুল ইসলাম পৌর নিউ মার্কেটের ‘মেসার্স শীতল ফ্যাশন’ নামের একটি দোকানের মালিক। তিনি শহরের হোসেনপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকানের শাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে দোকানের ভেতরে ঢুকে আজিমুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পৌর নিউ মার্কেট হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আজিম দোকানে আসেন। তখন অধিকাংশ দোকান বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দোকানের ভেতরে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়।
তবে হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার হোসেন শিপু বলেন, দিনের বেলায় মার্কেটের ভেতরে এমন নৃশংস ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন