প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার অনবদ্য এক জুটিতে তারা ১৫৭ রানের লিড নিয়ে বাংলাদেশের বিপক্ষে ইনিংস শেষ করল।
৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রানে রাবাদা খেলতে নামেন। রিকেলটন তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে থেমেছেন। নবম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন তারা। রাবাদা তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের ওপর চাপ তৈরি করেন। অথচ ৩৮ রানেই তার মাঠ ছাড়ার কথা। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে জীবন পান তিনি।
রিকেলটন প্যাভিলিয়নে ফিরলে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া টেম্বা বাভুমা মাঠে নেমে এক রান করে ফিফটির দেখা পান। রাবাদা এদিন মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকার হন। তার আগের দুই বলে বাংলাদেশি স্পিনারকে দুটি ছক্কা মারেন তিনি। ৯৩ বলে রাবাদা ৭২ রান করে আউট হন। ১০টি চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।
ডেন প্যাটারসন ও বাভুমা শেষ জুটিতে আরও ৪৫ রান যোগ করেন। ১১ রানে প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দেন হাসান মাহমুদ। কিন্তু নো বলের কারণে তার পঞ্চম উইকেট নেওয়া হয়নি। জীবন পেয়ে এই লেজের ব্যাটার পরের দুই ওভারে ছয় ও চার মারেন। অবশেষে তাদের জুটি ভাঙে দলগত ৫৫৭ রানে। ২৯ রানে থামেন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত ছিলেন বাভুমা।
