১১ দিনে ৭০ স্থানে ককটেল বিস্ফোরণ, ৫৭ পরিবহনে আগুন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ PM

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। বুধবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের তথ্যে এমন চিত্র উঠে আসে।

পুলিশ জানায়, এই সময়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের ঘটনায় মোট ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, দ্রুততম সময়ে রেসপন্স করা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’