তথ্য কমিশনে আজ সাত অভিযোগের শুনানি, নিষ্পত্তি ছয়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ PM

তথ্য কমিশন বাংলাদেশে বুধবার (১৮ নভেম্বর) তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা সাতটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছয়টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং একটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।

অভিযোগগুলোতে মূলত বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, প্রশাসনিক ও আর্থিক অনিয়মসংক্রান্ত তদন্ত প্রতিবেদন, গৃহীত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট নথিপত্র ও আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়ার বিষয় উঠে আসে। 

এছাড়া সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন, জ্যেষ্ঠতা ও দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহকৃত সেবার বিবরণসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করেন আবেদনকারীরা।

উল্লেখ্য, কমিশন অভিযোগগুলো পর্যালোচনা করে শুনানি গ্রহণ করেন এবং ছয়টি অভিযোগ নিষ্পত্তি করেন।