চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের একটি কাঠালবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ঢাকার খিলক্ষেত এলাকার উত্তম কুমার দেবনাথ (৫৩) এবং চাঁদপুর সদর উপজেলার গুয়াখোলা রোড এলাকার অরুন কুমার পাল (৪৯)।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধিনস্ত বেনিপুর বিওপির টহলদল জানতে পারে, দুই বাংলাদেশি নাগরিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। পরে বৃত্তিপাড়া গ্রামের আসাদুলের কাঠালবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বিজিবি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই জনকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি শেখ সোলায়মান।
