‘উদীয়মানদের’ এশিয়া কাপে ডাক পেলেন ৩৪ বছর বয়সি সাব্বির

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ এএম

বয়স তার ৩৪। এই বয়সে বাংলাদেশ ক্রিকেটে অনেকেই নিজেদের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেন। তবে সাব্বির রহমান এই বয়সে এসেও জাতীয় দলে জায়গা করে নেওয়ার আশা ছাড়েননি। শুধু যে চেষ্টাই করে যাচ্ছেন, বিষয়টা এমন নয়। তিনি জায়গা করে নিয়েছেন ‘উদীয়মান’দের এশিয়া কাপ দলেও!

২০১৬ সালের এশিয়া কাপে ২৪ বছর বয়সী সাব্বির দারুণ পারফর্ম করেছিলেন। সে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনিই। তার দশ বছর পর তিনি ডাক পেলেন এমন এক এশিয়া কাপে, যেখানে তাকে খেলতে হবে অন্যান্য দেশের উদীয়মান ক্রিকেটারদের বিপক্ষে। 

শুধু সাব্বির রহমান হলেও বিষয়টা মানা যেত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রাথমিক স্কোয়াড সাজিয়েছে একগাদা জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার দিয়ে। এতটাই যে একটা গোটা একাদশ সাজিয়ে দেওয়া যাবে এককালে বাংলাদেশ জাতীয় দলে খেলা খেলোয়াড় দিয়ে।

এই তালিকায় আছেন প্রায় ৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার নাঈম শেখ, ২০১৯ বিশ্বকাপে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন, ২০২৫ সালে দলে অভিষিক্ত পারভেজ হোসেন ইমন, টেস্ট দলে এক সময়ের নিয়মিত মুখ মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, স্পিনার রাকিবুল হাসান ও পেসার রিপন মন্ডল। 

তালিকার মোটে ৭ জন আছেন এমন যাদের অভিষেক হয়নি বাংলাদেশ দলে। তারা হলেন– ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এসএম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

ওয়ানডে ফরম্যাটের এই এশিয়া কাপ মাঠে গড়াবে কাতারে, আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর।

বাংলাদেশ আছে এ গ্রুপে। এখানে তাদের চেনা প্রতিপক্ষ বনে যাওয়া আফগানিস্তান, শ্রীলঙ্কা আছে, সঙ্গে আছে হংকং। ‘বি’ গ্রুপে অবধারিতভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আছে, তাদের সঙ্গে অন্য দুই দল সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। 

রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
সাব্বির রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রিপন মন্ডল, রকিবুল হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন