দক্ষিণ এশিয়ায় বেশ পরিচিত কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। সোজা-সাপ্টা বক্তব্যের জন্য তার বেশ নামডাক! আবার মজার ছলেও অনেক মন্তব্য করেন। আজ (বুধবার) ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে তার রসিকতায় হাসির রোল পড়ে। এরই মাঝে বাংলাদেশি ফুটবলার ফারহান আলী ওয়াহিদের প্রশংসা করতে গিয়ে বড় ভবিষ্যদ্বাণী দিয়েছেন আল মুতাইরি।
সংবাদ সম্মেলন শেষ। তখন শ্রীলঙ্কার এই কুয়েতি কোচ মাইক হাতে নিয়ে বললেন, ‘খেলোয়াড়দের প্রতি আমার একটি বার্তা আছে। বাংলাদেশ ম্যাচে ফারহানের জার্সি আমি নিতে চাই। কোনো খেলোয়াড় যদি নিতে চায়, তাহলে সে সাসপেন্ড হবেন। তারা চাইলে হামজার জার্সি নিতে পারে, ফারহানের জার্সি আমার।’
এর আগে তিনি সংবাদ সম্মেলনের শুরুটাও করেছিলেন বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের প্রসঙ্গ টেনে বড় বার্তা দিয়ে। তিনি বলেন, ‘আমি ফারহানের খুব ভক্ত। তাকে ভালোভাবে চিনি। বাংলাদেশ তো বটেই, আগামী ১০ বছরের মধ্যে সে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হবে।’
শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলার নির্ভর। বেশ কয়েকটি ম্যাচে ভালো সাফল্য পেয়েছে। এতে ভালোই প্রভাব পড়েছে তাদের র্যাঙ্কিংয়ে। এরপরও নিজেদের ফেভারিটের তালিকায় রাখছেন না লঙ্কান কোচ আল মুতাইরি, ‘প্রথম ফেভারিট বাংলাদেশ। তারা ভালো দল এবং স্বাগতিক। এরপর ভারত, তারা মূল দল না হলেও শক্তিশালী। কারণ এর আগে জুনিয়র দল নিয়েও ভারত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।’
শ্রীলঙ্কাও তো এখন ভালো দল। এরপরও প্রত্যাশা নেই কেন– এমন প্রশ্নের জবাবটা দিলেন মজার ছলে, ‘শ্রীলঙ্কা এখানে ভালো ফুটবল খেলার জন্য এসেছে। কোনো প্রত্যাশা নেই, যদি আপনারা প্রত্যাশার কথা বলেন তাহলে শ্রীলঙ্কান ফেডারেশন আমাদের চাপ দেবে।’
সাফে প্রত্যাশা না থাকলেও আল মুতাইরি লঙ্কান ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিতে চান। সেই প্রত্যাশার কথা একেবারে সরাসরি বললেন, ‘আমাকে শ্রীলঙ্কা চার বছরের জন্য নিয়োগ দিয়েছে। আমার লক্ষ্য শ্রীলঙ্কাকে আগামী এশিয়া কাপে কোয়ালিফাই করা। সেই লক্ষ্যে আমি কাজ করছি।’
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে পুরুষদের ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই রয়েছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। একই দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। আগামী রোববার শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে।
