স্বায়ত্তশাসনের প্রস্তাব বাতিল করায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় অর্থ উপদেষ্টার এ পদত্যাগের দাবি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে গত বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু কোনো প্রক্রিয়া ছাড়াই এটি বাতিল করা হয়েছে। বর্তমান উপদেষ্টা যখন গভর্নর ছিলেন তখন তিনিও এ প্রস্তাবের পক্ষে ছিলেন। কিন্তু আমরা দেখলাম তিনি তা প্রয়োজন নেই বলে গভর্নরকে এক চিঠিতে জানান। এ দ্বিমুখী অবস্থানের কারণে তার পদত্যাগ চাচ্ছি। সেটা যদি একদিনও হয় সেটাই আমরা চাই।
তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে এগিয়ে থাকা দুটি রাজনৈতিক দল তাদের ইশতেহারে স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা চাই যে দলই সরকার গঠন করুক কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন দ্রুত সময়ে বাস্তবায়ন করবে। আগামী ১২ তারিখের নির্বাচনের পর সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
