অর্পিত সম্পত্তি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

নওগাঁর বদলগাছী উপজেলায় অর্পিত সম্পত্তির (পাকিস্তান আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের রেখে যাওয়া সম্পত্তি, যা সরকার কব্জা করেছে) দখল ও চাষাবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। 

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় অর্পিত সম্পত্তির জমিতে চাষাবাদ ও দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের লোকজনই আহত হন।

স্থানীয় সূত্র জানায়, পিতাম্বরপুর মৌজায় প্রায় ১৪বিঘা ১৭ শতক অর্পিত সম্পত্তি রয়েছে। এসব জমি দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল। তাদের মধ্যে উপজেলার প্রধানকুন্ডি গ্রামের জাহাঙ্গীর হোসেন, পলাশ, আব্দুল কুদ্দুস, ফারুক হোসেন, মেহেদী হাসান রাজা, রোকসানা, দেলোয়ার হোসেন ও রিক্তার নাম স্থানীয়ভাবে জানা গেছে।

স্থানীয়দের আরেকটি পক্ষের ভাষ্য, পূর্বের লিজের মেয়াদ শেষ হওয়ার পর বারাতৈল গ্রামের মাসুদ হোসেন, রিফাত হোসেনসহ কয়েকজন ওই সম্পত্তির জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

স্থানীয় সূত্রের দাবি, ২০২৫ সাল পর্যন্ত পূর্বের লিজগ্রহীতারা নিয়মিত লিজের অর্থ পরিশোধ করে জমি চাষাবাদ করেন। ২০২৬ সালের জন্য লিজের অর্থ পরিশোধের বিষয়ে আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি দাবি করেছেন কয়েকজন।

এদিকে ওই জমিতে ধান, পটোল, বরবটি, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল চাষ করা হয়েছিল বলে স্থানীয়রা জানান। জমির দখল ও চাষাবাদকে কেন্দ্র করে ফসল নষ্ট করার অভিযোগও উঠেছে। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জমিতে থাকা পটোল তোলা ও জমি ছাড়ার বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ফের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষে মাসুদ হোসেনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত মাসুদ হোসেনকে নওগাঁ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসুদের মৃত্যুর পর এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই রিফাত হোসেন বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে বদলগাছী থানায় মামলা করেন বলে জানিয়েছে পুলিশ।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ‘অর্পিত সম্পত্তির জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন