আইজিপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

আজ বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিলাদি যাচাই সংক্রান্তে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া,তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে জানান। এক্ষেত্রে তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন