আজকের উন্নয়ন সিদ্ধান্তই ঠিক করবে ভবিষ্যতের জলবায়ু ঝুঁকি: পরিবেশমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ এএম

দীর্ঘমেয়াদি পরিবেশগত সুরক্ষা ও টেকসই অর্থনৈতিক প্রগতির লক্ষ্যে জাতীয় নীতি ও কৌশলগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, আজকের উন্নয়নসংক্রান্ত সিদ্ধান্তগুলোই আগামী কয়েক দশকের জন্য আমাদের জলবায়ু ঝুঁকির রূপরেখা নির্ধারণ করে দেবে।

বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীতে একটি তারকা হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সম্মেলনে ‘বিসিডিপি ওয়েব পোর্টাল’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাতীয় নীতি ও কৌশলগুলোকে এখন সমন্বিত কর্মসূচি, মানসম্মত প্রকল্প, উপযুক্ত অর্থায়ন এবং পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তর করাই মূল চ্যালেঞ্জ।

অভিযোজন সংক্রান্ত প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী উল্লেখ করেন, এসব উদ্যোগে সরাসরি বাণিজ্যিক মুনাফা না থাকলেও এগুলো অপরিহার্য সামাজিক কল্যাণ সাধন করে। তাই বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে কার্যকর জলবায়ু অর্থায়নের রূপরেখা তৈরির জন্য তিনি আহ্বান জানান।

এ সময় পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, আন্তর্জাতিক জলবায়ু সুবিচারের কাঠামোর অধীনে ‘ক্ষয়ক্ষতি ও ঝুঁকি’ মোকাবিলা এবং জলবায়ুসংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে নারী, তরুণ, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের বিষয়ে জোর দেন আব্দুল আউয়াল মিন্টু।

সম্মেলনের এ উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৫০০ জনেরও বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা বক্তব্য ও মতবিনিময় করেন। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই যুগান্তকারী সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০’ বাস্তবায়ন এবং ‘জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০)’-এর কৌশলগত বিনিয়োগ রূপরেখাকে ত্বরান্বিত করা।

প্রথম দিনে তিনটি কৌশলগত প্লেনারি বা পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘পাথওয়েজ টু রেজিলিয়েন্স অ্যান্ড লো কার্বন গ্রোথ’ শীর্ষক প্রথম প্লেনারিতে ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির মাঝেও অর্থনৈতিক প্রগতি বজায় রাখার ম্যাক্রো-কৌশলগত রূপরেখা নির্ধারণ করা হয়। দ্বিতীয় প্লেনারিতে স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন, খাতভিত্তিক ব্যয় নির্ধারণ এবং জাতীয় বাজেট বরাদ্দ প্রক্রিয়ার সাথে সমন্বয়ের মাধ্যমে ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০’ কীভাবে বাস্তবে প্রয়োগ করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। তৃতীয় প্লেনারিতে এনডিসি ৩.০ বাস্তবায়নে বহু পাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর (এমডিবি) আর্থিক সরঞ্জাম এবং সরকারি-বেসরকারি যৌথ পুঁজি ব্যবহারের কৌশলগুলো মূল্যায়ন করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন