আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ এএম

আজ হতে যাচ্ছে এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। আজ (রবিবার) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। তবে পূর্ণগ্রাস গ্রহণের সময়টাই সবচেয়ে আকর্ষণীয়। এই সময়েই দেখা যাবে ‘ব্লাড মুন’। তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না।

এদিন বাংলার আকাশে রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে। রাত সাড়ে ১০টায় পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপরে পড়বে। এই মুহূর্তে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না, বরং লালচে বা তামাটে রঙ ধারণ করবে।
চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো—পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

রবিবার থেকে সোমবার অর্থাৎ সাত থেকে আট সেপ্টেম্বর তারিখে হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে। আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় ১৫ শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাড মুন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন