‘আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ এএম

টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আলোচনার একপর্যায়ে সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নান তাকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বললে ক্ষুব্ধ হন রাশেদ। তাৎক্ষণিকভাবে ওই মন্তব্য প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করেন তিনি। যদিও সংশ্লিষ্ট ব্যক্তি নিজে বক্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত লাইভ অনুষ্ঠান ত্যাগ করেন রাশেদ খাঁন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনে আয়োজিত লাইভ টকশো চলাকালে বিভিন্ন বিষয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুল মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন।

সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এমন আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান রাশেদ খাঁন। তার বক্তব্য, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের পর রাশেদ খাঁন সঞ্চালকের কাছে তাৎক্ষণিক সমাধান ও উপযুক্ত প্রতিকার দাবি করেন। তিনি স্পষ্ট করে জানান, আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো সেখানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়।

নিজের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০১৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তাকে কারাবরণ করতে হয়েছে। শেখ হাসিনার আমলে দায়ের করা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকারও হয়েছেন তিনি। এত প্রতিকূলতার মধ্যেও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় বলে জানান রাশেদ।

পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মানিক গণমাধ্যমের সামনে এমন ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ডক্টর মান্নানের বক্তব্যটি অনুষ্ঠানের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় বসে থাকার অনুরোধ জানান।

যদিও এ প্রস্তাবে রাজি হননি রাশেদ। তিনি স্পষ্টভাবে জানান, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট বক্তা নিজে মন্তব্য প্রত্যাহার না করায় এবং সঞ্চালকের পক্ষ থেকে অন্য কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রাশেদ খাঁন। এ সময় সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে সরাসরি সম্প্রচারিত টকশো থেকে বেরিয়ে যান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর