আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম

আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন, ডিজিটালাইজেশনের দিকে আমাদের যেতে হবে। আপনাদের এ কাজে এগিয়ে আসতে হবে। 

শিক্ষামন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন-অফলাইন করছি। সেটা নিয়েও ব্যাপক সমালোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।

এসময় স্কুল-কলেজগুলো সোলার এনার্জির আওতায়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে ও কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এছাড়াও কিভাবে জরুরিভাবে শিক্ষক নেওয়া যায় সে ব্যবস্থা করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন