আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হবে না: অর্থমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:১৯ পিএম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক নিয়োগ হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের দলীয় নীতি হলো আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হবে না। এটি স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশ।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে স্টার্টআপ খাতে বিনিয়োগের জন্য প্রথম তহবিল ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড ১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ সকালে তিনি এসব কথা বলেন।

দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক একসঙ্গে মিলে প্রায় ৪২৫ কোটি টাকার তহবিলটি গঠন করেছে। এ উদ্যোগ বাস্তবায়নে ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি)।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, দেশের তরুণরা কোনো উদ্যোগ নিতে গেলে অর্থায়ন ও বন্ধকি সমস্যায় পড়েন। নতুন এ তহবিল তাদের জন্য এ জটিলতা দূর করবে।

আমির খসরু বলেন, দেশের আর্থিক খাত নানা সমস্যায় আছে। কিন্তু আমরা এ সমস্যা উত্তরণের পথে আছি। একটু হয়তো সময় লাগছে। তবে আমরা উঠে দাঁড়াবই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, আমরা অনেক দিন ধরেই নগদবিহীন লেনদেনে গল্প শুনে আসছি। আগামী ৩০ জুনের পর ট্রেডিং খাতে কোনো ধরনের বেসরকারী কিউআর থাকবে না। সব জায়গায় বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কিউআর থাকবে।

নতুন এ তহবিল যেন গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে, সেভাবে কাজ করার আহ্বান জানান গভর্নর।

অনুষ্ঠানে বিএসআইসির চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, বিএসআইসি শুধু একটি ফান্ড নয়; এটি এমন একটি প্রাতিষ্ঠানিক প্লাটফর্ম, যা বাংলাদেশের উদ্যোক্তাদের স্বপ্নকে পেশাদার ও সুশৃঙ্খল মূলধনের সঙ্গে যুক্ত করবে। ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের সমর্থনে আমরা স্থানীয় আস্থা এবং বৈশ্বিক ভেঞ্চার মানদণ্ডের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করছি। এর মাধ্যমে বাংলাদেশের স্টার্টআপগুলো আরো শক্তিশালী সুশাসন, উন্নত অর্থায়ন এবং বিশ্বাসযোগ্য বিদেশী-বিনিয়োগ মাধ্যমে আসা অংশীদারত্বের সুযোগ পাবে।

অনুষ্ঠানে কথা বলেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান আবদুল হাই সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন বৈশ্বিক ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ খাতের বিভিন্ন প্রতিনিধি।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর