মাদারীপুরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ সদস্য

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ১২:২৫ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য এবং শতাধিক নেতাকর্মী-সমর্থকও দল থেকে অব্যাহতির ঘোষণা দেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে হরিদসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের সামনে সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

একই সঙ্গে উপস্থিত থেকে মৌখিকভাবে অব্যাহতি নেন ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা ও সংরক্ষিত নারী আসনের মেম্বার শিরিন আক্তার ও বুড়ি বেগম। এ সময় তাদের সঙ্গে সমর্থন দেন শতাধিক কর্মী-সমর্থক।

আওয়ামী লীগ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর বলেন, আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম।

তিনি আরো বলেন, ‘আমাদের ঠাঁই দেওয়ার মতো কেউ নেই। এ ছাড়া দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলে থেকে কোনো লাভ নেই।

আমি জনগণের প্রতিনিধিত্ব করি, তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। তারা আমাকে ভালোবেসে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাই আজ থেকে আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। আমার সঙ্গে ১২ জন মেম্বারও আজ থেকে অব্যাহতি নিয়েছেন। বিএনপির সরকার চাইলে তাদের মাধ্যমে আমরা জনগণের সেবা করব।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর