বিনা খরচে মালয়েশিয়ার এক কোম্পানিতে কর্মী পাঠাবে বোয়েসেল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ এএম

সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) কোম্পানির অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে এসব কর্মী নেওয়া হবে।

উভয় পদে মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা)। আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোয়েসেলের প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক (এসএসসি) বা সমমান পাস হতে হবে। তবে বৃত্তিমূলক বা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এ পদে ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট এক্সেলসহ মৌলিক কম্পিউটার জ্ঞান, গাণিতিক দক্ষতা এবং অর্পিত দায়িত্ব তত্ত্বাবধানের সক্ষমতা থাকতে হবে।

প্রার্থীদের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই কাজ সম্পন্ন করা, সিদ্ধান্ত গ্রহণে সঠিক বিচারবুদ্ধি প্রয়োগ এবং বহুজাতিক কর্মপরিবেশে কাজের সক্ষমতা থাকতে হবে। ইংরেজিতে লিখিত ও মৌখিক নির্দেশনা অনুসরণ, একসঙ্গে একাধিক কাজ করার দক্ষতা এবং ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতাও প্রয়োজন।

এছাড়া সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে আবেদনের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডসহ ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ পদের প্রার্থীদের ওয়্যারহাউজের নেটওয়ার্ক ক্যাবলিং, র‍্যাকিং এবং আইটি সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞান ও মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা বাধ্যতামূলক। ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতার পাশাপাশি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পড়ে বোঝার সক্ষমতা থাকতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। দৈনিক আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। কোম্পানির প্রয়োজন ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুযোগ থাকবে। নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে। প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দেশে বা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিংকে পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময় চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একাধিক পাসপোর্ট থাকলে সব পাসপোর্টসহ এক সেট রঙিন ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

এ ছাড়া হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে। এতে কম্পিউটার দক্ষতা, বিশেষ করে মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা, গাণিতিক দক্ষতা, ড্রাইভিং লাইসেন্সের অবস্থা এবং পূর্বের বিদেশে কাজের অভিজ্ঞতা বা ওয়্যারহাউজে কাজের অভিজ্ঞতা থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। তাদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে কোম্পানির প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষা নিয়ে দুই পদে মোট ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচন করবেন।

বোয়েসেল জানিয়েছে, অনলাইনে আবেদন, সাক্ষাৎকার কিংবা প্রাথমিক বাছাই চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়। নিয়োগ ও নির্বাচন প্রক্রিয়া নিয়োগকর্তা বা তার প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন হবে এবং এ ক্ষেত্রে নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। নির্বাচিত কর্মীদের কোনো পর্যায়েই অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেছে সংস্থাটি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন