সম্প্রতি, আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, জনতার ঢল এবং শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্লোগান।
প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে তথ্য যাচাইয়ে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের মিছিলের নয়। প্রকৃতপক্ষে, গত ১৩ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল হাকিম স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনার দৃশ্য এটি। এছাড়া, শেখ হাসিনাকে নিয়ে যে স্লোগান ভিডিওতে শোনা যাচ্ছে সেটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলাদাভাবে যুক্ত করা হয়েছে।
অনুসন্ধানে মো. আলী হোসেন (Md Ali Hosain) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে গত ১৪ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। তবে, মো. আলী হোসেন নামক ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ছিলো না।
আরও অনুসন্ধানে Bipul on the way নামক একটি ইউটিউব চ্যানেল থেকে গত ১৩ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথেও আলোচিত ভিডিওর মিল রয়েছে। এটিতেও শেখ হাসিনাকে নিয়ে স্লোগান শোনা যায়নি বরং, প্রচারিত ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘জামালপুর স্টেডিয়ামে সরিষাবাড়ি একাডেমি জিতছে’।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল হাকিম স্টেডিয়ামে মুখোমুখি হয় মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলা। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে সরিষাবাড়ি উপজেলা।
এছাড়া, SayesHub নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১৩ সেপ্টেম্বর উক্ত খেলার লাইভ সম্প্রচার করা হয়। লাইভ চলাকালেও উক্ত দৃশ্যটি দেখা যায়। লাইভ সম্প্রচারকারী ব্যক্তি বর্ণনা দেন যে, টাইব্রেকারের আগে দর্শকদের মাঠে ঢুকে যাওয়ার দৃশ্য এটি।
অর্থাৎ, গত ১৩ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় দর্শকদের উন্মাদনার ভিডিওর সাথে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেওয়ার অডিও যুক্ত করে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে।
