আসুন, যার যার অবস্থান থেকে দেশটাকে গড়ে তুলি: তারেক রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের যার যতটুকু অবস্থান আছে, আসুন সেখান থেকে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করি। যদি রাস্তায় এক টুকরা কাগজও পড়ে থাকে সেটা আমরা সরিয়ে রাখব। এভাবে ছোট ছোট কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলব।

আজ সোমবার বিকেলে দেড়যুগ পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

এ সময় তারেক রহমানের আগমন ঘিরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় তিনি নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা রাস্তা ছেড়ে দিন। আমরা যদি এই রাস্তাটা বন্ধ করে রাখি তবে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। আজকে আমাদের কোনও কর্মসূচি নেই। তাই আমরা চেষ্টা করব দ্রুত রাস্তাটা ছেড়ে দেওয়ার। যখন কর্মসূচি দেব তখন আপনাদের সামনে বক্তব্য রাখব।

এর আগে সোমবার বিকেল ৪টার দিকে তিনি নয়াপল্টনে পৌঁছান। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর