ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মৃত ইউপি সদস্যের ছেলে মো. স্বপন মিয়ার বিরুদ্ধে জনপ্রতিনিধির মতো কার্যক্রম পরিচালনা, সরকারি সুবিধা বণ্টনে হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ওয়ার্ডের ছয় বাসিন্দা।

আবেদনকারীরা হলেন- গড়াকাটা গ্রামের মো. স্বপন জাহান, সায়েম মিয়া ও হজরত আলী; দুলাশিয়া গ্রামের সাহিনুর মিয়া ও বজলু মিয়া এবং চান্দালীপাড়া গ্রামের শাহাবুদ্দিন।

অভিযোগকারীরা বলেন, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত ইউপি সদস্য মো. একলাস উদ্দিন মারা যাওয়ার পর তার ছেলে মো. স্বপন মিয়া কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা আইনগতভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ইউপি সদস্যের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

অভিযোগে বলা হয়, স্বপন মিয়া সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, ভাতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন। স্থানীয় বিরোধে জনপ্রতিনিধির মতো হস্তক্ষেপ করে মীমাংসার চেষ্টা এবং ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেকে ওয়ার্ডের প্রতিনিধির মতো উপস্থাপন করছেন বলেও অভিযোগ করেছেন আবেদনকারীরা।

এছাড়া বিভিন্ন কাগজপত্র, প্রত্যয়ন বা প্রশাসনিক বিষয়ে সুপারিশ ও প্রতিনিধিত্বমূলক ভূমিকা পালনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সরকারি সুবিধা, ভাতা ও সহায়তা বণ্টনে স্বজনপ্রীতি, অনিয়ম এবং আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ স্থানীয়ভাবে রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক যাচাইয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে একজন নির্বাচিত ইউপি সদস্যের মৃত্যুর পর তার কোনো আত্মীয় স্বয়ংক্রিয়ভাবে ওই পদ বা দায়িত্বের অধিকারী হন কি না এবং স্বপন মিয়া বর্তমানে কোনো সরকারি, ইউনিয়ন পরিষদ বা আইনগত দায়িত্বে আছেন কি না তা যাচাইয়ের অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত মো. স্বপন মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন