ইমরান খানকে নিয়ে উদ্বিগ্ন সাবেক ৭ অজি অধিনায়ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি জীবন নিয়ে গভীর মানবিক উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাতজন সাবেক অধিনায়ক। ইমরান খানের স্বাস্থ্যের যত্ন ও সঠিক মানবিক আচরণ নিশ্চিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াংকে একটি চিঠি দিয়েছেন তারা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করা সাবেক অধিনায়কেরা হলেন অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।

চিঠিতে তারা বলেন, কোনো কূটনৈতিক বা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, কেবল সাবেক অধিনায়ক হিসেবে মানবিকতার তাগিদেই তারা কথা বলছেন। ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের কোনো অবস্থান নেই এবং এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। তবে যে কোনো বন্দির সঙ্গে মানবিক আচরণ করা একটি মৌলিক বিষয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের ২২ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী তার নিজস্ব চিকিৎসকদের মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা, পরিবারকে নিয়মিত সাক্ষাতের সুযোগ এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের দাবি জানানো হয়।

ইমরানের স্বজনেরা দীর্ঘদিন ধরেই তার স্বাস্থ্য, আইনি সহায়তা না পাওয়া ও পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার বিষয়ে অভিযোগ করে আসছেন। জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, মইন খানের মতো সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি বর্তমান অজি অধিনায়ক প্যাট কামিন্সও এ নিয়ে কথা বলেছেন। বিষয়টি আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াংয়ের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন গ্রেগ চ্যাপেল, তবে অস্ট্রেলিয়া সরকারের কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র: ক্রিকইনফো। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন