ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দু-দুবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে তুর্কি ক্লাব ফেনেরবাচে। এই জয়কে ‘অলৌকিক কাণ্ড’ বলে মন্তব্য করেছেন দলটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ডার্ক কয়েত।

মেসন গ্রিনউড, আর্চি ব্রাউন এবং বেদাত মুড়িকির গোলে তুর্কি জায়ান্টরা চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম জয় তুলে নেয়। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচের জয়খরা কাটাল দলটি। অলরেডদের বিপক্ষে এই রোমাঞ্চকর জয়কে ২০০৫ সালে এসি মিলানের বিপক্ষে ইস্তাম্বুলে লিভারপুলের সেই ঐতিহাসিক ফাইনাল জয়ের রূপকথার সঙ্গেই তুলনা করেছেন দলটির সাবেক এই ফরোয়ার্ড।

গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী গালাতাসারাইয়ের কাছে ২-১ গোলে হেরে ইসমাইল কারতাল পদত্যাগ করার পর ফেনারবাচের কোচের দায়িত্ব নেন কয়েত। ম্যাচ শেষে তিনি বলেন, কেবল আমার জন্য নয়, যারা ফেনেরবাচেকে ভালোবাসেন তাদের সবার জন্যই এটি ছিল অত্যন্ত বিশেষ একটি রাত।

কয়েত আরও যোগ করেন, আমরা নিজেদের বলেছিলাম সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই আত্মবিশ্বাস আমি শিখেছি অন্য আরেকটি ক্লাব থেকে, যা আমার জীবনে অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। সেই ক্লাবটি হলো লিভারপুল, যাদের বিপক্ষে আজ আমরা খেললাম। সব খেলোয়াড় এবং এই জয়ের পেছনে জড়িত সবার জন্যই আমি আনন্দিত, আজ রাতে আমরা সত্যিই এক অলৌকিক ঘটনা ঘটাতে পেরেছি।

তুর্কি সুপার লিগের প্রথম ১০ ম্যাচের চারটিতেই হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ফেনেরবাচে। তবে এই জয়ের মধ্য দিয়ে মৌসুমে দলটির ভাগ্য ফিরবে বলে আশা করছেন কয়েত।

তিনি বলেন, আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও ইস্তাম্বুলে আবারও এক অলৌকিক রাত উপহার দেওয়ার সুযোগ আমাদের সামনে ছিল। আর এই ধরনের জয় দলের পরিবেশ ইতিবাচকভাবে বদলে দিতে পারে। তবে সেই প্রতিক্রিয়াটা আগে আমাদের ভেতর থেকেই আসতে হবে। মাঠের আবহ এমন তৈরি করা চাই যাতে বিশ্বের সেরা দলের জন্যও কাজটা কঠিন হয়ে পড়ে। আজকের জয়টি সহজে আসেনি, কিন্তু এটি নিছক ভাগ্যের জোরও ছিল না। আমার মতে জয়টা আমাদের প্রাপ্যই ছিল। আমরা একের পর এক সুযোগ তৈরি করেছি, লড়াই চালিয়ে গেছি ইউরোপের অন্যতম সেরা দলের বিরুদ্ধে।

এদিকে ফেনেরবাচের নতুন স্থায়ী প্রধান কোচ হিসেবে সাবেক নিউক্যাসেল মিডফিল্ডার এমরে বেলোজোলুর নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন