ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার কারণেই দেশটি উপসাগরীয় আরব প্রতিবেশীদের ওপর আক্রমণ করতে ‘উসকানি’ পেয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইঙ্গিত দেন।
ট্রাম্প বলেন, অনেকে হয়তো বলবেন তারা কিছুটা উসকানি পেয়েছিল। কারণ, আমরা ভিন্ন একটি কারণে তাদের ওপর জোরালো পদক্ষেপ নিয়েছিলাম, যার জবাবে তারা এই পাল্টা আঘাত করেছে। কুয়েতে এই হামলার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি চুক্তি এখনো কার্যকর আছে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রতিটি ঘটনার পেছনেই একটি কারণ থাকে। আমরা গত রাতে এবং তার আগের রাতেও তাদের ওপর বেশ শক্ত আঘাত হেনেছিলাম। বিষয়টি যখন আমাকে বুঝিয়ে বলা হলো, তখন আমি বললাম, ঠিক আছে। আমরা তাদের ওপর বেশ ভালো রকমই চড়াও হয়েছিলাম, তাই নির্দিষ্ট কিছু ঘটনার পেছনে তো কারণ থাকবেই।
চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান ইতিহাসের অন্যতম বড় ও ভয়াবহ সংঘাতের মুখোমুখি হয়। গত বুধবার ভোরে ইরান সরাসরি কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ঠিক আগেই ইরানি ভূখণ্ড লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তেহরানের অভিযোগ, উপসাগরীয় আরব প্রতিবেশীরা তাদের ভূমি ব্যবহার করে ইরানজুড়ে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি ও সুযোগ করে দিয়েছে।
The post ‘ইরানকে আমরাই উসকে দিয়েছিলাম’, ট্রাম্পের সরল স্বীকারোক্তি first appeared on Latest BD News Bangladesh Breaking News.
