ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের এআই ছবি প্রচার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ এএম

দাবি

সম্প্রতি, ‘ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা মেন্দি এন সাফাদির সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের প্রিন্ট সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে– নিজস্ব প্রতিবেদকের এই প্রতিবেদনটি ‘০৯ আশ্বিন ১৪৩২’ বঙ্গাব্দে আমার দেশের প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে।

ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

আমার দেশ এমন কোনো সংবাদ প্রকাশ করেনি এবং প্রচারিত আমার দেশের প্রিন্ট সংস্করণের ছবিটিও বাস্তব নয়। মূলত, ওই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

বিস্তারিত 

প্রচারিত ছবি অনুযায়ী সংবাদটি গত ‘০৯ আশ্বিন ১৪৩২’ বঙ্গাব্দে আমার দেশের প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে।

তবে, ‘০৯ আশ্বিন ১৪৩২’ বঙ্গাব্দে প্রকাশিত আমার দেশের প্রিন্ট সংস্করণে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এমনকি আমার দেশের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, অন্যান্য গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ওপেনএআইয়ের কনটেন্ট যাচাইকারী টুলসের মাধ্যমে যাচাই করে দেখা যায়, ছবিটিতে ‘SynthID’ ওয়াটারমার্ক রয়েছে। যা প্রমাণ করে, উক্ত ছবিটি ওপেনএআই দিয়ে তৈরি।

বিপরীতে আবারও গুজব 

‘ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা মিন্দি সাফাদির সাথে জামায়েত আমিরের গোপন বৈঠক’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের প্রিন্ট সংস্করণের ছবিটি যারা ফেসবুকে পোস্ট করছেন সেই পোস্টের মন্তব্যের ঘরে এটির বিপরীতে ‘তারেক রহমানের সাথে মিন্ডি সাফাদির গোপন বৈঠক’ শিরোনামে আমার দেশের প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে একটি সংবাদের ছবি প্রচার করা হচ্ছে।

তবে, অনুসন্ধানে জানা যায় এটিও বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

এছাড়া, ওই ছবিটিতে একাধিক অসঙ্গতিও রয়েছে। যেমন, তারিখ হিসেবে ‘৯ আশ্বিন ১৪৫২’ উল্লেখ রয়েছে। বর্তমানে ১৪৩৩ চলছে। অর্থাৎ, তারিখ হিসেবে ভবিষ্যৎ উল্লেখ রয়েছে এবং একাধিক বানানও ভুল রয়েছে।

যা প্রমাণ করে, এটি বাস্তব নয়।

অতএব, ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তা মেন্দি এন সাফাদির সাথে জামায়াত আমিরের কিংবা তারেক রহমানের ‘গোপন বৈঠক’ শিরোনামে আমার দেশ কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রচারিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন