ইসরায়েলে সাইবার হামলা, সামরিক গোপন নথি ফাঁস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০১:১২ পিএম

ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তির গোপন নথি সাইবার হামলার মাধ্যমে ফাঁস করে দিয়েছে ‘সাইবার সাপোর্ট ফ্রন্ট’ নামের একটি প্রতিরোধ গোষ্ঠী। এই হামলার ফলে ইসরায়েল তাদের বহু বছরের একক দখলাধীন প্রযুক্তিগত সুবিধা হারাতে বসেছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

হামলাকারী গোষ্ঠী জানায়, তারা দুটি প্রধান সামরিক পণ্যের গোপন নথি অনলাইনে প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে হ্যাটোরিক্স (HattoriX) নামের স্থলভিত্তিক গোয়েন্দা ও লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা এবং স্পাইক-এলআর ২ (SPIKE-LR2) নামের স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র প্রযুক্তি।

এই দুই উন্নত প্রযুক্তি সামরিক শিল্প প্রতিষ্ঠান সিআর কাস্টিং/এক্সাক্ট (CR Casting/EXACT)-এর তৈরি, যারা ইসরায়েলের স্বনামধন্য প্রতিরক্ষা সংস্থা রাফায়েল এবং এলবিট সিস্টেমস-এর সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করে থাকে।

সাইবার সাপোর্ট ফ্রন্টের দাবি, তারা শুধু তথ্য ফাঁস করেনি, বরং ইসরায়েলের সামরিক-শিল্প নেটওয়ার্কে বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা সিআর কাস্টিং/এক্সাক্ট-এর শিল্প অবকাঠামোতে অনুপ্রবেশ করে পূর্ণমাত্রার ডেটা ভেঙে ফেলেছে এবং গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ করে প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের কাছে হস্তান্তর করেছে।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক সরবরাহকারী প্রতিষ্ঠান বেন সিমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ-এর বিরুদ্ধেও অতীতে সাইবার হামলা চালিয়েছে এই ইউনিট। তখনও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পূর্ণ অকার্যকর করে দেয়া হয়েছিল।

এছাড়া সম্প্রতি রাফায়েল সিস্টেমেও সাইবার হামলার ঘটনা ঘটে, যার ফলে ইসরায়েলের চলমান সামরিক প্রযুক্তিতে কার্যকরী বিভ্রাট সৃষ্টি হয়।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ফাঁস হওয়া প্রযুক্তিগুলো ইসরায়েলের সাম্প্রতিক গাজা, লেবানন ও ইরান সীমান্তে সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই ঘটনার মাধ্যমে ইসরায়েলের সামরিক প্রযুক্তি সরবরাহ নেটওয়ার্কের দুর্বলতা প্রকাশ পেয়েছে, যা ভবিষ্যতে আরও বৃহৎ হামলার পথ খুলে দিতে পারে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর