ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। আবহাওয়া খারাপ থাকলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, ৩০ হাজার বর্গমিটার জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন ৩৫ হাজার মানুষ। ভিআইপি পুরুষ ২৫০ জন, নারী ৮০ জন, জনসাধারণ পুরুষ ৩১ হাজার ও ৩ হাজার ৫০০ নারী নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান রয়েছে।
আবদুস সালাম বলেন, নামাজের জন্য ভিআইপি পুরুষ কাতার ৫টি, নারীদের জন্য ১টি নির্ধারিত। এ ছাড়া, জনসাধারণের জন্য ৬৫টি বড় কাতার ও নারীদের জন্য ৫০টি ছোট কাতার হবে। এতে মোট কাতার ১২১টি হবে।
দক্ষিণের প্রশাসক জানান, ঈদগাহে প্রবেশের জন্য ১টি ভিআইপি গেট থাকবে। ২টি পুরুষদের ও ১টি নারীদের প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। মোট ৪টি গেট থাকবে। নামাজ শেষ করে বের হওয়ার জন্য ভিআইপি ১টি ও পুরুষের জন্য ৫টি ও নারীদের জন্য ১টি গেট নির্ধারণ করা হয়েছে।
