ডিসেম্বর মাসেই বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ এএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে বিনা খরচে কর্মী পাঠানোর প্রথম দুই-তিনটি ফ্লাইট চালুর মাধ্যমে এ কার্যক্রম শুরু করতে চাই। পাশাপাশি অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় কর্মীদের সম্পূর্ণ বিনা খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, এ ক্ষেত্রে কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। সব ব্যয় বিদেশি নিয়োগকর্তা বা তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। এ ছাড়া কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশে রিক্রুটিং এজেন্সিগুলোর কিছু সার্ভিস চার্জ বাদ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ব্যবসা কোনো নির্দিষ্ট কয়েকটি রিক্রুটিং এজেন্সির মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে সমান সুযোগ পায়, সে লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী।

এ বিষয়ে আগামী ডিসেম্বরের মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ ছাড়া কর্মীদের বিদেশে পাঠানোর পর যেকোনো সমস্যা সমাধানে সহায়তা দিতে মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে আলাদা সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানান তিনি।

মেডিকেল পরীক্ষার ফি প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর বেশি অর্থ নেওয়া যাবে না। অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রিক্রুটিং এজেন্সির মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এ ব্যবসাকে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অবস্থানে নিতে হবে। কয়েকজনের অনিয়মের কারণে যেন পুরো খাত বিতর্কিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

একই সাথে ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি দেশের মানুষের কর্মসংস্থান, রেমিট্যান্স বৃদ্ধি এবং কর্মীদের বিদেশের আইনকানুন সম্পর্কে সচেতন করার আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিগণ এবং মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন