ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানাতে হবে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানাতে হবে। যে কোনো লক্কর-ঝক্কর বাস রাস্তায় নামানো যাবে না। এসময় মোবাইল কোর্ট চলবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে টার্মিনালসহ মহানগরীতে ব্যাপক সংখ্যক ডিবি, সোয়াতসহ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না। 

তিনি বলেন, যাত্রীদের সুবিধার জন্য বাস টার্মিনালে হেল্পডেস্ক চালু রাখা হবে এবং সেখানে বাসের ভাড়া তালিকা ও সময়সূচি টানিয়ে রাখতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি বা যাত্রী হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি নিলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর