ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ মে ২০২৬, ১১:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঈদের ছুটির মাঝে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। মূলত সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতেই এই দীর্ঘ ছুটির পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই বৈঠকে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মানোন্নয়নে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেটের সহজলভ্যতা নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। 

বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকল ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করতে হবে।

পরিবেশ দূষণ রোধে প্রতিটি টয়লেটে আবশ্যিকভাবে সেফটি ট্যাংক নির্মাণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বর্জ্য কোনোভাবেই নদী বা জলাশয়ে মিশতে না পারে। এছাড়া মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। 

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নীতিমালা বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়কে নির্দিষ্ট সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনের দশম তলায় অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন