উখিয়ায় আরসা কমান্ডারসহ তিনজন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার এক কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে দুজন শীর্ষ মাদক কারবারি। অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুতুপালং ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকার একটি চায়ের দোকান থেকে আরসার কমান্ডার ও ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন প্রকাশ লালু (৩৮)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়। একই দিন রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মৃত সিরাজুল ইসলামের পুত্র মিজান (৩৫) ও মনজুর আলমের পুত্র রাকিব (১৮)কে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি আভিযানিক দল।

আটককৃতদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, বাংলা মদ এবং চুরি-ডাকাতিতে ব্যবহৃত অবৈধ দেশীয় অস্ত্র—দা, চাপাতি, ওয়ার কাটার ও পকেট নাইফ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, এসব সরঞ্জাম বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচারে ব্যবহৃত হতো। সেনাবাহিনী সূত্র জানায়, জাহিদ হোসেন প্রকাশ লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সাবেক আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল ও উখিয়া-টেকনাফ ট্রান্সপোর্ট কমান্ডার লে. কর্নেল সায়মন সিকদার জানান, পৃথক অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন