উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী মিনু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ এএম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার ঘটনায় জড়িতদের ‘রাষ্ট্র ও জনগণের শত্রু’ আখ্যা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি উপাচার্যকে তার চেয়ারে বসিয়ে দেন এবং পরে তার সঙ্গে চা-চক্রে অংশ নেন।

ভূমিমন্ত্রী বলেন, অপরাধীদের কোনো দল নেই। তাদের কোনো দলীয় পরিচয়ও নেই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। একজন শিক্ষাবিদকে এভাবে লাঞ্ছনা করা কোনোভাবেই কাম্য নয়।

ঘটনার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে নির্দেশনা দেওয়ার কথা জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। রাজশাহীতে কোনো মব কালচার সৃষ্টি করতে দেওয়া হবে না।

রামেবির অগ্রগতির কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অগ্রগতি ইতিমধ্যে হয়েছে। হাসপাতালের অনুমোদনও পাওয়া গেছে। পর্যায়ক্রমে এর বাস্তবায়ন হবে।

এ সময় বিষয়টি গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিষয়টি শোনার পর থেকেই আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। আমরা এ ধরনের ঘটনা আর দেখতে চাই না।

এ সময় রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন