শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে চিঠি পাঠিয়েছে জামালপুর জেলা ছাত্রলীগ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম (রাব্বি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরুজ্জামান আজগরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার পদ প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে মনিরুজ্জামান আজগর ছাত্রলীগের কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। একই সঙ্গে নিজেকে সংগঠনের ওই পদের অধিকারী হিসেবে পরিচয় দেওয়া থেকেও তাকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আজগরের কোনো বক্তব্য পাওয়া যায় নি।
