বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে এক মৌসুমে অনবদ্য ৭৩টি গোল করার পর ২০১৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে বর্ণনা করেছেন হ্যারি কেইন। মাঠের অসাধারণ পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকিয়ে রাখলেও ব্যক্তিগত এই সম্মাননা নিয়ে এখনই খুব একটা ভাবছেন না ইংলিশ অধিনায়ক।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রকাশিত সাক্ষাৎকারের বরাতে এমন তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আলজাজিরা।
২০০১ সালে মাইকেল ওয়েনের পর আর কোনো ইংলিশ ফুটবলার ব্যালন ডি’অর উঁচিয়ে ধরতে পারেননি। এবার সেই খরা কাটাতে কেইনকে লড়তে হচ্ছে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে।
সাক্ষাৎকারে কেইন বলেন, ‘নিজের সম্পর্কে বেশি কথা বলাটা আমি কখনোই পছন্দ করি না। শুধু এটুকু বলব, ব্যক্তি ও দলীয়- দুই দিক থেকেই গত মৌসুমটা আমার জন্য বিশ্বাস করার মতো ছিল না।’
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার আরও যোগ করেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের সেরা মৌসুম।’
২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির করা রেকর্ড ৮২ গোলের পর কেইনের এই ৭৩ গোলই এক মৌসুমে কোনো ফুটবলারের সর্বোচ্চ ব্যক্তিগত গোল সংখ্যা। এমন কীর্তিতে গর্বিত হলেও কেইনের মতে, বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার জন্য তা হয়তো যথেষ্ট নাও হতে পারে।
এ প্রসঙ্গে কেইন বলেন, ‘এই অর্জন নিয়ে আমি ভীষণ গর্বিত। তবে ব্যালন ডি’অর কিন্তু আমার হাতে নেই। এটা সম্পূর্ণ নির্ভর করছে যারা ভোট দেবেন, তাদের ওপর। আমার কাছে গত মৌসুম এখন অতীত।’
সামনের দিকে চোখ রেখে এই তারকা ফুটবলার বলেন, ‘এখন আমার সব নজর নতুন মৌসুমের দিকে। এবার আর কী কী অর্জন করতে পারি, সেটারই অপেক্ষায় আছি।’
আগামী ২৬ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত এই ব্যালন ডি’অর বিজয়ীর নাম।
সূত্র: গোলডটকম
