এক সপ্তাহে ১০ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা, খাদ্য তৈরি ও বিপণনসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১০টি প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সময়ে ছয়টি মামলা করা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সংস্থাটির এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বিএফএসএ জানিয়েছে, ঢাকায় অনিবন্ধিতভাবে ব্যবসা পরিচালনা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, লেবেলবিহীন খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতার কারণে ২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ও দুটি মামলা করা হয়।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও সিরাজগঞ্জে পোড়াতেল ও অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, উৎপাদনস্থলে তেলাপোকা-ছারপোকার উপস্থিতি, পণ্যে লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা ও ৩টি মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে সামারি ট্রায়ালের মাধ্যমে ৫টি প্রতিষ্ঠানকে আরও ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সময়ে সারাদেশে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ ২৮৮টি খাদ্যস্থাপনা মনিটরিং করেছে বিএফএসএ। পাশাপাশি নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে টেলিভিশন, বেতার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম চালানো হয়েছে বলেও জানিয়েছে বিএফএসএ।

বিএফএসএর চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে কর্তৃপক্ষ বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, মোবাইল কোর্ট, খাদ্য নমুনা পরীক্ষা ও গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন