এনসিপির নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর, আহত ২

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি নির্বাচনি অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত (গতরাতে) আনুমানিক ৯টা ৩০ মিনিটে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এসএম জার্সিস কাদির বাবুর নিজ গ্রামে অবস্থিত এনসিপির নির্বাচনি অফিসে আলোচনা সভা ও নির্বাচনি কার্যক্রম চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

এনসিপির কর্মীরা অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থীর ইন্ধনে স্থানীয় ৪০ থেকে ৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, হাসুয়া, দা, রামদা, চা-পাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অফিসে অতর্কিত হামলা চালায়।

হামলায় অফিসে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় হামলাকারীরা নির্বাচনি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এবং নির্বাচন পরিচালনার জন্য রাখা আনুমানিক এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকিও দেয়া হয় বলে অভিযোগ করেছে এনসিপি।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর