এপ্রিল মাসে ভারত থেকে বাংলাদেশে আসছে ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল। ইতোমধ্যে শুক্রবার মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এই ডিজেল আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে সরবরাহ করা হচ্ছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৮ হাজার টন পৌঁছেছে এবং আগামীকাল আরও ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হবে। পাম্পিং শুরু হলে ৪/৫ দিনের মধ্যে ৫ হাজার টনের পুরো চালান পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ভারত থেকে পরিশোধিত ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। পাম্পিং কার্যক্রম অব্যাহত থাকলে পর্যায়ক্রমে পুরো চালান দেশে পৌঁছাবে এবং পরবর্তী পাম্পিং দ্রুত শুরু করা হবে। এপ্রিল মাসের মধ্যেই সম্পূর্ণ ২৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।
রবিউল আলম জানান, বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। ফলে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ হাজার টন আসার পর পরবর্তী দুই ধাপে ৭ হাজার ও ৫ হাজার টন করে ডিজেল আমদানি করা হবে।
উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পার্বতীপুর ডিপো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই আমদানির ফলে জ্বালানির সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন ব্যয় হ্রাস পাচ্ছে। পাশাপাশি সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের আমদানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
