এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ PM

বাংলাদেশের প্রথম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দ্বিতীয় একাদশ প্রতিযোগিতায় বল টেম্পারিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে। বলের কন্ডিশন পরিবর্তন করতে নাকি ব্যবহার করা হচ্ছে ভেসলিন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খুলনা বিভাগ দ্বিতীয় একাদশকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়ন হওয়ার পরপরই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তবে এই বিতর্কের ফলে টুর্নামেন্টের সুনাম এখন বড় প্রশ্নের মুখে পড়েছে।

ফাইনাল ম্যাচের পর ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশের কর্তারা অভিযোগ করেন যে, খেলোয়াড়রা বলের আকার বা কন্ডিশন বদলাতে ভেসলিন ব্যবহার করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা দলের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ। খেলোয়াড়রা এটা করে (ভেসলিন দিয়ে বল টেম্পারিং)। তারা আঙুলের ফাঁকে ভেসলিন লুকিয়ে রাখে, ফলে কে এটি করল তা চিহ্নিত করা প্রায় অসম্ভব।’

ওই কর্মকর্তার দাবি, ভেসলিন ব্যবহার করলে বল ভারী হয়ে যায় এবং রিভার্স সুইং করাতে সুবিধা হয়। তিনি আরও বলেন, ‘(ভেসলিন ব্যবহার করলে) বল স্বাভাবিকের চেয়ে ভারী হয়ে যায় এবং বাতাসে যেভাবে যাওয়ার কথা সেভাবে যায় না, যার ফলে রিভার্স সুইং করে। এতে বল স্কিডও করে।’

অভিযোগ করে ওই কর্মকর্তা জানান, বিষয়টি ওপেন সিক্রেট হলেও জড়িতদের ধরা অত্যন্ত কঠিন। ‘এটা চিহ্নিত করা সত্যিই কঠিন। হয়তো সবাইকে ক্যামেরার নজরদারিতে রাখতে হবে। খুলনা দল এটা খুব বেশি করেছে। তারা চুলে ভেসলিন লাগিয়ে সেখান থেকে বলে ঘষত, এমনকি হাতেও রাখত যাতে বল ধরার সাথেই সেটি লেগে যায়।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা বেশ কয়েকবার আম্পায়ারদের জানিয়েছি, কিন্তু তা চিহ্নিত করা অসম্ভব। তারা গন্ধহীন ভেসলিন ব্যবহার করে যাতে কোনো ধরনের ঘ্রাণ পাওয়া না যায়।’

ক্রিকবাজের তথ্যমতে, বল টেম্পারিংয়ে ভেসলিন ব্যবহারের এই অভিযোগ নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটি এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।

এদিকে এনসিএলের সাথে জড়িত বেশ কজন ব্যক্তি দাবি করেছেন যে, দলগুলোর পক্ষ থেকে বিষয়টি মুখে মুখে জানানো হলেও আম্পায়াররা এর কোনো নোটিশ নেননি। ফলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বলের কন্ডিশন বদলাতে ভেসলিনের ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে বলে অভিযোগ রয়েছে।

কর্তৃপক্ষ এই বিষয়ের সুরাহা করতে কোনো পদক্ষেপ নেয় কি না এবং এই বিতর্ক দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগেও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার বিষয়।

সূত্র: ক্রিকবাজ।