দীর্ঘ চার বছর হলো সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে প্রেমের সম্পর্ক ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংহের। গত বছরের ৮ জুন তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এবার সমাজবাদী পার্টির নেত্রীকে বিয়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে ৪ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
লক্ষ্নৌর এক বিলাসবহুল হোটেলে ওই বিয়ের আসর বসবে। মোটামুটিভাবে দুই পরিবারের আত্মীয়রা এবং ভারতীয় দলের কিছু তারকা নিমত্রিত থাকবেন ওই বিয়ের অনুষ্ঠানে। থাকবেন কিছু রাজনীতিবিদও। শোনা যাচ্ছে, দুই একজন বিশেষ অতিথিও থাকতে পারেন। সবকিছুই মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। বাগদানের প্রায় দেড় বছর পর বিয়ের পিড়িতে বসছেন রিংকু।
রিংকুর বাগদত্তা প্রিয়ার জন্ম বারাণসীতে। তার বাবা তুফানি সরোজও রাজনীতিবিদ। সমাজবাদী পার্টির টিকিটে টানা তিনবার সংসদ সদস্য হয়েছেন তুফানি সরোজ। তবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে হেরে যান। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের কেরাকাটের বিধায়ক। তবে সাংসদের কন্যা হয়েও রাজনীতি থেকে দীর্ঘদিন নিজেকে দূরে রেখেছিলেন প্রিয়া।
নয়াদিল্লির স্কুলের পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেন। পরে অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়েন প্রিয়া। আইনজীবী হিসেবে বেশ কয়েক দিন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন রিংকুর হবু স্ত্রী। রাজনীতি নয়, প্রিয়ার মন ছিল বিচারক হওয়ার দিকে। কোভিড অতিমারীর সময়ে বিচারক হওয়ার পরীক্ষার প্রস্তুতি নিতেন প্রিয়া। এমনকি লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে যখন তার নাম ঘোষণা করা হয় তখনও তিনি পরীক্ষার প্রস্তুতিই নিচ্ছিলেন। শেষ পর্যন্ত গত বছরের লোকসভা নির্বাচনে মছলিশহর কেন্দ্র থেকে ৩৫ হাজারেরও বেশি ভোটে জেতেন প্রিয়া। বর্তমান সংসদ সদস্যদের মধ্যে তিনি দ্বিতীয় কনিষ্ঠতম।
প্রিয়ার সঙ্গে নাইট তারকার প্রেম শুরু হলো কী করে? এক ক্রিকেটারের মাধ্যমে রিংকু ও প্রিয়ার আলাপ হয়। তারপর দীর্ঘদিন সম্পর্ক ছিল তাদের মধ্যে। তবে দুজন একে-অপরকে দীর্ঘদিন ধরে পছন্দ করলেও পরিবারের সম্মতির জন্য অপেক্ষা করেছেন। অবশেষে দুজনের সম্পর্কে রাজি হয়েছে দুই পরিবার। সব ঠিক থাকলে এবার চার হাত এক হওয়া সময়ের অপেক্ষা।
