এমপি আজিম হত্যাকান্ড : কলকাতার বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জুন ২০২৪, ১১:৪০ এএম

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম খুনের ঘটনায় আটক সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করল পশ্চিমবঙ্গ সিআইডি পুলিশ। রবিবার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালে নামেন সিআইডি কর্মকর্তারা।

সেখান থেকে উদ্ধার হয় হাড়গোড়। তবে, সেই হাড় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা তা স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষায় তা জানা যাবে। একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলি উদ্ধার করা হয়।

চাঞ্চল্যকর আনোয়ারুল আজিম হত্যাকান্ডে বড় সূত্র পেতে চলেছে কলকাতার সিআইডি পুলিশ। রবিবার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি। তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়। হাড়গুলি প্রাথমিক ভাবে দেখে অনুমান, সেগুলি মানুষেরই। যদিও তা আনোয়ারুল আজিমেরই কিনা তা এখনও স্পষ্ট নয়। এ জন্য করতে হবে ফরেনসিক পরীক্ষা।

প্রসঙ্গত, কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কেজি ছোট ছোট মাংসের টুকরা উদ্ধার করেছিল সিআইডি। সেই মাংস কি আনোয়ারুলেরই, তা জানতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। এ বার হাড়গুলিও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সিআইডি জানিয়েছে। হাড়গুলি যদি সত্যিই এমপি আজিমের হয় তা হলে সেটা হবে এই মামলায় সিআইডি’র তদন্তে বড় অগ্রগতি।

শুক্রবার ভারতের সীমান্ত এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ। শনিবার তাঁকে বারাসত আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। তার পর রবিবার সকালেই সিয়ামকে নিয়ে কৃষ্ণমাটিতে পৌঁছে গেলেন সিআইডি কর্মকর্তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন