এমবাপ্পের জোড়া গোল, রায়োকে উড়িয়ে লা লিগায় জয়ে ফিরল রিয়াল

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়োকানোকে ৪-১ ব্যবধানে উড়িয়ে লা লিগার জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে সমতায় ফিরেছে তারা। এর আগে বেটিসের মাঠে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। 

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দাপুটে জয় তুলে নেয় হোসে মরিনহোর দল। রিয়ালের হয়ে এমবাপ্পে ছাড়াও গোল করেছেন জুড বেলিংহাম ও আলভারো কারেরাস। রায়োর হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও কামেয়ো।

জোড়া গোলের পাশাপাশি এমবাপ্পে গড়েছেন একটি রেকর্ডও। ২০১৬ সালের পর তিনি প্রথম ফুটবলার হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ১৭ মিনিটেই গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। ম্যাচে হোসে মরিনহোর দল প্রায় সবদিক থেকেই এগিয়ে ছিল। প্রথমার্ধেই ভায়োকানোর জালে তিন গোল দিয়ে যেন নির্ভার হয়ে পড়েছিল লস ব্লাঙ্কোসরা। বিরতির পর সেভাবে ছন্দ দেখাতে পারেনি; বরং গোলবার সামলাতে ব্যস্ত ছিলেন রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কুর্তোয়া। 

শুরু থেকেই সফরকারী ভায়োকানোর রক্ষণে ত্রাস ছড়াতে থাকেন মরিনহোর শিষ্যরা। এমবাপের একটি পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর ১৩ মিনিটে কারেরাস বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন। সেই পেনাল্টিতে ঠান্ডা মাথার স্পটকিকে রিয়ালকে লিড এনে দেন এমবাপ্পে। তিন মিনিটের ব্যবধানে এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কারেরাসই এবার স্কোরশিটে নাম তুললেন। 

এরপর ভিনিসিয়ুস জুনিয়রের একটি জোরালো শট ঠেকান ভায়োকানো গোলরক্ষক। একইভাবে তাদের রক্ষণকে চেপে ধরার ফল হিসেবেই ৩৫ মিনিটে আসে রিয়ালের তৃতীয় গোল। ভিনিসিয়ুস বাঁদিক দিয়ে ঢুকে বক্সে চমৎকার পাস বাড়ালে বেলিংহাম প্রথম স্পর্শে লক্ষ্যভেদ করেছেন। বিরতির আগে এমবাপ্পের জোরালো একটি শট গিয়ে লাগে পোস্টে। খানিক বাদে ভায়োকানোর বুলেট গতির শট ফিরিয়েছেন কুর্তোয়া।

বিরতির পর নেমে অল্পের জন্য গোল পায়নি ভায়োকানো। দিয়াজের শট পোস্টে লাগার পরপরই আদ্রিয়া পেদ্রোসের শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। তবে ভিনিসিয়ুসকে বল দিতে গিয়ে আন্তোনিও রুডিগার ভুল করেন, পেছন থেকে আসা ভায়োকানোর এক খেলোয়াড় সেটি নিয়ন্ত্রণে নিয়ে বাড়ালে কামেলো ৫১ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন। এরপর বেশ কয়েকবার কুর্তোয়ার পরীক্ষা নিয়েছে সফরকারীরা।

ইয়ান দিয়োমান্দের জায়গায় আর্দা গুলারকে নামানোর পর প্রাণ ফিরে রিয়ালের খেলায়। রুডিগার ও গুলারের দুটি প্রচেষ্টা ঠেকিয়েছেন ভায়েকানো গোলরক্ষক। ৮৩ মিনিটে ঠেকান এমবাপ্পের ভলি। যোগ করা সময়ে গুলারের পাস বক্সে পেয়ে ফরাসি অধিনায়ক নিচু শটে বল জালে জড়ান। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ষষ্ঠ এবং সব মিলিয়ে সপ্তম গোল করলেন এমবাপ্পে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন