স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ৩টায় জাতিসংঘের সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রীর খলিলুর রহমানের সভাপতিত্বে ৮১তম অধিবেশন শুরু হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই অধিবেশনের বিশেষত্বই ছিল, বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণ সংক্রান্ত জাতিসংঘের প্রস্তাব গ্রহণ ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি উত্তরণের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। তবে বাড়তি এই সময়ের কার্যকর ব্যবহার নির্ভর করবে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা কাটানো, সংস্কার এগিয়ে নেওয়া এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপর।
সাধারণ পরিষদের সদস্য উরুগুয়ে বাংলাদেশের পক্ষে এই প্রস্তাবের উত্থাপন করে। এতে জি-৭৭-ভুক্ত দেশগুলো এবং চীন সমর্থন ব্যক্ত করে। সাধারণ পরিষদ মনে করে, এমনভাবে এলডিসি তালিকা থেকে উত্তরণ হতে হবে, যাতে তা টেকসই ও অপরিবর্তনীয় হয় এবং কোনো দেশের উন্নয়ন পরিকল্পনা, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন না ঘটে।
এর আগে, এ অধিবেশনে উপস্থাপনের জন্য ২০ অক্টোবর তৈরি হওয়া এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার বাড়তি সময় সংক্রান্ত এ/৮১ /এল.৮ নম্বর খসড়া প্রস্তাবে বাংলাদেশ ও নেপালের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২৪ নভেম্বর ২০২৯ পর্যন্ত করার কথা বলা হয়।
সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশের পাশাপাশি নেপালের প্রস্তাবটিও অনুমোদিত হয়।
