এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ এএম

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক কাটছেই না। জাহাজের কনটেইনারের আদলে তৈরি করা মডুলার কেবিন নিয়ে ক্রীড়াবিদদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাগোয়া টিভি টাওয়ারের কাছে স্থাপিত একটি প্রোটোটাইপ কেবিন ঘুরে দেখার পর স্থানীয়রা এই নকশা নিয়ে প্রশ্ন তোলেন। ওয়াদা নামের ৪৯ বছর বয়সী এক নার্স রয়টার্সকে জানান, ভেতরের জায়গাটি বেশ লম্বা ও সংকীর্ণ মনে হয়েছে, আর পাশাপাশি দুটি বিছানা থাকলে তা আরও বেশি চাপা মনে হতে পারে। আরেক বাসিন্দা আতসুকো সাসার মতে, আয়োজকদের আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল।

তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে আয়োজক কমিটি (আইনাগোক) জানিয়েছে, খেলোয়াড়দের বড় শারীরিক গঠনের বিষয়টি শুরু থেকেই তাদের মাথায় ছিল। এমনকি বিছানার দৈর্ঘ্য বাড়াতে প্রতিটি কেবিনে একটি করে অটোমান রাখা হয়েছে। এছাড়া এর চেয়ে বড় কোনো কাঠামো ট্রাকে করে পরিবহন করা অসম্ভব বলেও সাফ জানিয়ে দিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, বাজেট নিয়ন্ত্রণে ১৭ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য হোটেল, কনটেইনার-স্টাইলের কেবিন এবং একটি প্রমোদতরীর মিশ্রণে এই আবাসন ব্যবস্থার করা হয়েছে।

সূত্র: রয়টার্স।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন