এশিয়ান গেমসে বাজে পারফরম্যান্স, ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর আজ শনিবার ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচেও শ্রীলঙ্কার কাছে শোচনীয় হেরেছে টাইগাররা। প্রতিপক্ষের দ্বিতীয় সারির দলের দেওয়া ১৬৬ রানের জবাবে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট থেকে খালি হাতেই ফিরছে পূর্ণশক্তির বাংলাদেশ।

ম্যাচ শেষে মিক্সড জোনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যর্থতার সমস্ত দায় মেনে নেন টুর্নামেন্টে বাংলাদেশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দীন। দেশবাসীর কাছে অনুশোচনা ও ক্ষমা প্রকাশ করে তিনি বলেন, সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।

অন্যান্য খেলায় চরম সীমাবদ্ধতার মধ্যেও অ্যাথলেটরা লড়াই করলেও সর্বোচ্চ সুযোগ-সুবিধা পেয়েও এমন হতশ্রী পারফরম্যান্সের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বোলার ও ব্যাটারদের গেমপ্ল্যান ব্যর্থ হওয়াকে দায়ী করেন সালাহউদ্দীন। তিনি বলেন, এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুবই বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। আর ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তেই আমরা বেশি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছি।

টানা দুই ম্যাচে খরুচে বোলিং করা পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে সমালোচনা উঠলেও তার ওপর দলের আস্থার কথা জানান কোচ। সালাউদ্দীনের ভাষ্য, আসলে মোস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল। সে আমাদের গত ১০ বছরের সেরা খেলোয়াড়দের একজন। বিশেষ করে সে ডেথ ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হতো।

অধিনায়ক লিটন দাসের অফফর্ম ও পুরো দলেরই নেতিবাচক বডি ল্যাংগুয়েজ নিয়ে প্রশ্ন উঠলে খেলোয়াড়দের ঢাল হয়ে দাঁড়ান সালাউদ্দীন। তিনি বলেন, তারা ফেইল করছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। তবে টু বি অনেস্ট, আমরা টোটাল টিম হিসেবে ভালো পারফর্ম করতে পারিনি। প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন