এশিয়ান গেমসে স্বর্ণ জিতে জাপানের ইতিহাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ এএম

এবারের এশিয়ান গেমসের প্রথম সোনা জিতে ইতিহাস গড়েছে আয়োজক দেশ জাপান। আইচি-নাগোয়া অনুষ্ঠিত সাঁতারে প্রথম হয়ে স্বর্ণপদক জয়ের নজির গড়েন স্বাগতিকদের সাতারু তারকা প্যান। তবে চীনও খুব দ্রুতই সাঁতারে নিজেদের আধিপত্য বিস্তার করে সুইমিং পুলে ঝড় তুলেছেন। জিতে নিয়েছেন দুই সোনার পদক। 

এই সাফল্যে বড় অবদান রেখেছেন চীনের উদীয়মান কিশোরী সাঁতারু ইউ জিদি, যিনি নারীদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নতুন গেমস রেকর্ড গড়ে শিরোপা নিজের করে নিয়েছেন। তিনি স্বদেশি ঝাং ইউফেইয়ের আগের রেকর্ডটি ভেঙে দেন।

পাশাপাশি, চীনের অলিম্পিক চ্যাম্পিয়ন প্যান ঝানলে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৪৭.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা নিশ্চিত করেছেন। তিন বছর আগে হাংঝৌ এশিয়ান গেমসেও এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

জাপানের সাঁতারু প্যান বলেন, ‘আমি যা আশা করেছিলাম তার থেকে কিছুটা পিছিয়ে ছিলাম। আমি আরও ভালো করতে এবং আরও দ্রুত সাঁতার কাটতে চেয়েছিলাম, কিন্তু সর্বোপরি আমি জিততে পেরে খুশি।’ 

গত দুই বছরে এটাই আমার সেরা ফলাফল। এটা এখনো আমার প্রত্যাশার চেয়ে কম, কিন্তু আমি ধাপে ধাপে এগোব। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমি আরো দ্রুত সাঁতার কাটতে পারব বলে যোগ করেন তিনি।

এদিকে, এশিয়ান গেমসের আলো ঝলমলে উদ্বোধনের পর আজ নানা ডিসিপ্লিন, ইভেন্টে লড়াইয়ে নেমেছিলেন বাংলাদেশের প্রতিনিধিরা। তবে দিন শেষে সাফল্যের খাতা অবশ্য শূন্যই থেকে গেল।
দিনটা তেতো হয়ে ধরা দিল নারী হকিতে। এশিয়ান গেমসের মূল মঞ্চে ঐতিহাসিক অভিষেক হলো বাংলাদেশের মেয়েদের; কিন্তু জাপানের কাকামিঘারায় ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে এশিয়ার পরাশক্তি চীনের কাছে ১৩-০ গোলে বিপর্যস্ত হতে হলো।  
এদিন সাঁতার, শুটিং, কারাতে ও টেবিল টেনিসেও মাঠে ছিলেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে সাঁতারের নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মুক্তি খাতুন ৩৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম হন। সব মিলিয়ে অংশ নেওয়া ২৪ জনের মধ্যে ২৩তম হন এ সাঁতারু। সামগ্রিকভাবে রুগণ প্রদর্শনীর মাঝেও একমাত্র প্রাপ্তি ব্যক্তিগত সেরা টাইমিং করা। মুক্তি খাতুনের আগের সেরা টাইমিং ছিল ৩৬.৬৫ সেকেন্ড।
শুটিংয়ে নারীদের ১০ মিটার এয়ার রাইফেল এককের লড়াইয়ে অংশ নেওয়া বাংলাদেশের তিন শুটারই ছিটকে গেছেন বাছাই থেকে। ইভেন্টের প্রাথমিক পর্বে অংশ নেওয়া ৫৫ প্রতিযোগীর মধ্যে সাফা বিন সাহিদ ৬২১ স্কোর করে ৩৮তম, সাজিদা হক ৬২০ দশমিক ৬ স্কোর করে ৪০তম এবং মেহনাজ শারমিন ৬১৯ দশমিক ১ স্কোর করে ৪৬তম হয়েছেন।
টেবিল টেনিসে নারীদের দলগত লড়াইয়ে চায়নিজ তাইপের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোনাম সুলতানা সোমা ১১-৪, ১১-৩, ১১-২ ব্যবধানে হারেন ইয়েহ ই-তিয়ানের কাছে। নওরীন সুলতানা মাহি ১১-২, ১১-৪, ১১-১ গেমে হেরেছেন চেং ই-চিংয়ের কাছে। পেং ইউ-হানের কাছে সামান্তা তুশি ১১-৪, ১১-২, ১১-৭ ব্যবধানে হেরেছেন। পুরুষ দলগত বিভাগে কাজাখস্তানের বিপক্ষেও বাংলাদেশ পাত্তা পায়নি—হেরেছে ৩-০ সেটে। মুহতাসিন হৃদয় ১১-৫, ১১-৪, ১১-৪, ইমরুল ইমন ১১-৪, ১১-৭, ১১-৯ এবং রাম হিম লিয়ান বম ১১-৮, ১১-৫, ১৩-১১ ব্যবধানে হেরে গেছেন। কারাতে ছেলেদের ৬০ কেজি ওজন বিভাগের ব্যক্তিগত কুমিতে প্রতিরোধ গড়তে পারলেন না বাংলাদেশের সিয়াম হোসেন—ম্যাচ হারতে হয়েছে ৫-০ ব্যবধানে।
সব মিলিয়ে গেমসের প্রথম পূর্ণাঙ্গ দিনে প্রাপ্তির খাতা ফাঁকাই রইল বাংলাদেশের। দলীয় খেলায় হারের গ্লানির মাঝেও নারী হকির ঐতিহাসিক অভিষেক মনে করিয়ে দিল—কিছু যাত্রার মূল্য মাপা হয় ফলাফলে নয়, সূচনা দিয়েই।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন