ওজোপাডিকোর প্রি-পেইড সিস্টেমে ত্রুটি, ১৭ ঘণ্টা পর সেবা স্বাভাবিক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড বিদ্যুৎ মিটার রিচার্জ সেবার কারিগরি ত্রুটি কাটিয়ে প্রায় ১৭ ঘণ্টা পর সিস্টেম পুনরুদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, গতকাল (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে প্রি-পেইড ডাটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে বিভিন্ন অঞ্চলের গ্রাহকরা প্রি-পেইড মিটারে রিচার্জ বা ভেন্ডিং কার্যক্রম সম্পন্ন করতে সমস্যার সম্মুখীন হন।

বার্তায় বলা হয়,কারিগরি বিশেষজ্ঞদের দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর আজ সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রি-পেইড মিটারের রিচার্জ সংক্রান্ত সব ধরনের সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে।

এ সময় ভেন্ডিং কার্যক্রমে বিঘ্নের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তায় আরও বলা হয়, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদান ওজোপাডিকোর অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত অবকাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন